অনলাইন ডেস্ক | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত
ফাইল ছবি
সন্তানকে সম্পত্তি দান করে দিলেও জীবিত থাকা পর্যন্ত তা ভোগ করতে পারবেন বাবা-মা। এ সুযোগ রেখে ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। তবে বিল পাসের আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
বিলের বিধান অনুযায়ী, বাবা-মা, দাদা-দাদি কিংবা নানা-নানি সন্তান বা নাতি-নাতনির কাছে সম্পত্তি দান করলে দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রেও দাতার জীবনকালীন ভোগাধিকার বহাল থাকবে।
দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতার মৃত্যু হলেও দাতার ভোগাধিকার থাকবে। পরে প্রচলিত আইন অনুযায়ী সম্পত্তিটি গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হবে।
আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতি থাকলেও দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণের বিষয়ে স্পষ্ট বিধান ছিল না। নতুন আইনের মাধ্যমে এ বিষয়ে একটি স্বতন্ত্র ব্যবস্থা তৈরি হবে।
তিনি জানান, বিধানটি সব ধর্মের মানুষের ক্ষেত্রে সমভাবে কার্যকর হবে। এতে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীনে হেবা কিংবা আইনস্বীকৃত অন্য কোনো সম্পত্তি হস্তান্তর পদ্ধতির ওপর প্রভাব পড়বে না।
তবে বিলটির বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি দাবি করেন, দাতাকে আজীবন সম্পত্তি ভোগের সুযোগ দিলে ইসলামী উত্তরাধিকার আইনের বিধান পাশ কাটানোর আশঙ্কা তৈরি হতে পারে।
তার আরও দাবি, আইনটি কার্যকর হলে ভবিষ্যতে উত্তরাধিকারীদের সম্পত্তির অধিকার নিয়ে জটিলতা দেখা দিতে পারে।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah