সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে নরসিংদীবাসীর মিলনমেলা

আরিফুর রহমান আরিফ :   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

নিউইয়র্কে নরসিংদীবাসীর মিলনমেলা

প্রবাসের ব্যস্ত জীবনের গণ্ডি পেরিয়ে শেকড়ের টানে একত্রিত হলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত নরসিংদীবাসীরা। আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক আবহে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক’-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় প্রবাসী নরসিংদীবাসীর এক প্রাণবন্ত পারিবারিক মিলনোৎসবে।

গত ৩০ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ডের মনোরম হেকশেয়ার স্টেট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী নরসিংদীবাসী, আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ঐতিহ্যবাহী খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও জমকালো র‌্যাফেল ড্রতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মনির। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজহারুল ইসহাক খোকা। গেস্ট অব অনার ছিলেন সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব। অনারেবল গেস্ট অব চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. নাজমুল খান।

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বনভোজনের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ও নরসিংদী জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ কে এম আফজাল উল মনির বলেন, প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময় বের করে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা প্রয়োজন।

প্রধান পৃষ্ঠপোষক আজহারুল ইসহাক খোকা বলেন, ‘ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। নরসিংদীবাসীর এই আয়োজন আমাদের ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন।’

সমিতির সভাপতি শামিম গফুর অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান। সুন্দর পরিবেশে আয়োজনটি সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে উল্লেখ করে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল বলেন, ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন খন্দকারও ঐক্যবদ্ধ সমিতির গুরুত্ব তুলে ধরেন।

আয়োজন সফল করতে গঠন করা হয়েছিল বনভোজন উদযাপন কমিটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জসিম উদ্দিন খন্দকার। প্রধান সমন্বয়কারী ছিলেন ইকবাল এ ভূঁইয়া, সদস্য সচিব জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মুরাদ, সমন্বয়কারী মতিউর রহমান এবং যুগ্ম সদস্য সচিব মোফাজ্জেল হোসেন।

বার্ষিক বনভোজন উপলক্ষে ‘মেঘনা’ নামে একটি বিশেষ প্রকাশনাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নরসিংদী জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা এর মোড়ক উন্মোচন করেন।

দিনভর শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল নানা ধরনের খেলাধুলা। নারীদের জন্য আয়োজন করা হয় পিলোঁ খেলা। সংগঠনের সদস্যদের সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সবশেষে জমকালো র‌্যাফেল ড্র বাড়িয়ে দেয় আয়োজনের আকর্ষণ।

বনভোজন সফল করতে উপ-কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করেন। এ ছাড়া আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি মো. আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কনু ফিরোজ পরিষদের সহ-সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেন্দু, বাবুল আহমেদ, বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম, মতলব সমিতির উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

নরসিংদী জেলা সমিতির এ আয়োজন শুধু বনভোজনেই সীমাবদ্ধ থাকেনি; বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে শেকড়ের সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সামাজিক মিলনমেলায় পরিণত হয়।

দিনব্যাপী আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী নরসিংদীবাসী যেন আবারও মনে করিয়ে দিলেন—ভৌগোলিক দূরত্ব যতই হোক, ঐক্য, সংস্কৃতি, সম্প্রীতি ও শেকড়ের বন্ধন অটুট থাকলে প্রবাসের মাটিতেও গড়ে তোলা যায় এক টুকরো বাংলাদেশ।

Facebook Comments Box

Posted ১:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(633 বার পঠিত)
পাত্র চাই
(450 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া