মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানি ওয়েল গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানি ওয়েল গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (আমবাগ) এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কারখানার সামনের সড়কে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বাড়তে থাকে এবং একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এতে কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকদের অভিযোগ, গত আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি। পরে একাধিকবার সময় দেওয়া হলেও মালিকপক্ষ বেতন দিতে ব্যর্থ হয়। এর মধ্যে বেতন না দিয়েই কারখানায় সাধারণ ছুটির নোটিশ টানিয়ে দেওয়া হয়।

কারখানার শ্রমিক আতাউর রহমান বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন দেওয়া হয়নি, কারখানাও বন্ধ রয়েছে। এতে তারা পরিবার নিয়ে চরম সমস্যায় পড়েছেন। তার মতো ৪০০ থেকে ৫০০ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক জানান, রুম ভাড়া, দোকানের বাকি ও সন্তানদের স্কুলের বেতন দিতে পারছেন না। বাড়িওয়ালা রুম থেকে বের করে দিতে চাইছেন। মালিকের অন্য কারখানায় বেতন ঠিকমতো দেওয়া হলেও তাদের বেলায় কেন এই সমস্যা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

কারখানা সূত্রে জানা গেছে, হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডে প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। বেতন পরিশোধে ব্যর্থ হয়ে কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিকরা জানান, প্রায় ১১ মাস ধরে অনিয়মিতভাবে বেতন দেওয়া হচ্ছিল।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানার মালিক আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া