সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডের পশ্চিম পাশে কুট্টাপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুট্টাপাড়া এলাকায় মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুট্টাপাড়া গ্রামের কয়েকশ কৃষক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, মো. এমরান মিয়া, অহিউদ্দিন সরদার, বরি ঠাকুর ও খোরশেদ মিয়াসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় কুট্টাপাড়া এলাকার কৃষকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হচ্ছে। মহাসড়কের দক্ষিণ পাশে গ্রামের মানুষের কয়েক হাজার বিঘা কৃষিজমি রয়েছে। এসব জমিতে গরু-মহিষ নিয়ে যাওয়া, ফসলের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিনই কৃষকদের মহাসড়ক পার হতে হয়।
তাদের দাবি, ব্যস্ত মহাসড়ক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন কৃষকরা। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ফলে কৃষকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কুট্টাপাড়া এলাকায় দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ জরুরি।
মানববন্ধন থেকে আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চার লেনে উন্নীতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কুট্টাপাড়া এলাকায় দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানান স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah