জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 140 বার পঠিত
অসুস্থতা, আর্থিক সংকট, এলাকার উন্নয়নসহ নানা সমস্যা নিয়ে প্রতি বুধবার গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করছেন অসহায় নারী-পুরুষ। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া ধৈর্য ধরে তাদের সবার কথা শুনে তাৎক্ষণিকভাবে সম্ভবপর সমাধানের উদ্যোগ নিচ্ছেন। দুশ্চিন্তা নিয়ে দূর-দূরান্ত থেকে আসা অনেকেই ফিরে যাচ্ছেন হাসিমুখে।
বুধবার অর্ধশতাধিক নারী-পুরুষ জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। গাজীপুর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দীঘিরচালা এলাকা থেকে পঙ্গু বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইতে আসেন পোশাক শ্রমিক সানিয়া আক্তার (২৫)।
সানিয়া জানান, তার বাবা মজিদ মিয়া লেগুনা চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ছয় বছর আগে দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। এরপর থেকে তিনি পঙ্গু অবস্থায় বিছানায় পড়ে আছেন। ১১ বছর আগে সানিয়ার মা মারা যান। অষ্টম শ্রেণির ছাত্রী ছোট বোনের পড়ালেখা ও বাবার চিকিৎসার খরচ চালাতে তাকে চাকরি নিতে হয়েছে। বেতন দিয়ে ঘরভাড়া, সংসার খরচ ও বোনের লেখাপড়ার খরচ মেটাতেই টাকা শেষ হয়ে যায়। অর্থের অভাবে বাবার চিকিৎসাও বন্ধ হয়ে গেছে।
সানিয়ার কথা শুনে জেলা প্রশাসক তার বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেন এবং ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া টঙ্গীর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অসহায় বৃদ্ধা সামসুন্নাহারকেও নগদ অর্থ সহায়তা দেন তিনি।
জেলা প্রশাসকের কাছে নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নগরীর ধীরাশ্রম এলাকার বিধবা হালিমা আক্তার। তিনি তার ১৩ বছরের একমাত্র মেয়েকে নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন।
হালিমা জানান, চার মাস আগে তার স্বামী মারা গেছেন। ছেলে না থাকায় ভাসুর ও অন্যরা তাকে মেয়েসহ স্বামীর সম্পদ থেকে বঞ্চিত করতে চাইছে। ঘরের সব জিনিসপত্র নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ১৩ বছরের মেয়েকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও তিনি বিচার পাচ্ছেন না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসক সদর সার্কেলের এসিল্যান্ডকে দায়িত্ব দেন।
এ ছাড়া অধিগ্রহণ করা জমির বিল পেতে সমস্যা, মাতৃত্বকালীন ভাতা, দুর্ঘটনায় আহত হয়ে ক্ষতিপূরণ, এলাকার রাস্তার সমস্যা, অফিস স্থাপন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া, বাসস্থানের অভাব এবং কারখানার বকেয়া বেতন আদায়সহ নানা সমস্যা নিয়ে আসা মানুষের কথাও শোনেন জেলা প্রশাসক।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে প্রতি বুধবার গণশুনানির আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অভাব, অভিযোগ ও সমস্যা নিয়ে আসেন। তাদের অনেকেই বয়স্ক ও অসহায়। সন্তান থাকলেও অনেকে খোঁজ নেন না, আবার অনেকের কেউ নেই। তাদের কষ্ট দেখলে ও শুনলে মন খারাপ হয়।
তিনি বলেন, তার পক্ষে যেসব সমস্যার সমাধান করা সম্ভব, সেগুলোর তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়। বেশিরভাগ সমস্যাই জমিজমা, আর্থিক সংকট ও চিকিৎসাসংক্রান্ত। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জটিল রোগের চিকিৎসায় সমাজসেবা বিভাগ, গর্ভবতী মায়ের পুষ্টিকর খাবারের জন্য মহিলা ও শিশু বিভাগ, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, বিআরটিএ ও জেলা ত্রাণ বিভাগ থেকে অসহায় মানুষকে সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। এসব বিভাগ থেকে অসহায় মানুষ যাতে সহায়তা পান, সে বিষয়ে সহযোগিতা করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, ‘শুধু সমস্যা নয়, সামাজিক কাজেও মানুষ আসে। যেমন একটি ইউনিয়নে ভূমি অফিস নেই—একজন সাবেক শিক্ষক ওই ইউনিয়নে একটি ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের আবেদন করেছেন। কোনো কোনো মানুষ আসেন, তাদের এলাকায় জরিপ বন্ধ আছে, সেটি সরকারের সঙ্গে কথা বলে চালু করার আবেদন নিয়ে। হাসপাতাল ও রাস্তা নির্মাণের আবেদন নিয়েও মানুষ আসেন।’
তিনি আরও বলেন, ‘এখানে সারাদিন যদি আমরা মানুষের কথা শুনি, তাহলে সমাজের একটা পূর্ণাঙ্গ চিত্র বোঝা যায়। মানুষের অভাব, অভিযোগ, অনুযোগ—এসব কিছু বোঝা যায়। কেউ কেউ সত্যিই খুব কষ্টে আছেন। তাদের কষ্টের জায়গাগুলো কীভাবে লাঘব করা যায়, সেজন্য আমরা কাজ করি।’
জেলা প্রশাসক বলেন, ‘আমাদের যে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার দেশ পরিচালনা করছে, সেই সরকারের উদ্দেশ্য একটাই—একটি মানবিক বাংলাদেশ। সকল শ্রেণি-পেশার মানুষ যাতে তার অধিকার বুঝে পায়, সেরকম সবার জন্য বাংলাদেশ, সকলের জন্য বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ করার চেষ্টা করছি আমরা।’
তিনি জানান, বুধবার ৫০ জনের বেশি মানুষের কথা শোনা হয়েছে। সবাই অনুদানের জন্য আসেননি। যারা অনুদানের জন্য এসেছেন, অনুদান দেওয়ার মানদণ্ড অনুযায়ী বেশ কিছু মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। কাউকে হাসপাতালে রেফার করা হয়েছে, আবার কাউকে ভূমি জটিলতা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, থানা কিংবা শিল্প পুলিশের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘এটাই আমাদের কাজ। সঠিক ম্যানেজমেন্ট হলেই মানুষ এসব সেবা পাবে। প্রতিদিন মানুষ আসে। প্রতিদিন মানুষগুলোর চেহারার দিকে যখন তাকাই, তখন মনে হয়—এই লোকটার জন্য কিছু করা দরকার।’
Posted ৩:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah