অনলাইন ডেস্ক | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৫০৮টি উপজেলার এসব ইউনিয়নে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচন। শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিন ধরে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। জাতীয় নির্বাচনের মতোই এ সংলাপে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মতামত নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন।
কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, জানতে নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকা দেখুন।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah