-প্রেস বিজ্ঞপ্তি | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 100 বার পঠিত
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবি বাস্তবায়নে এক বিক্ষোভ সমাবেশ ও শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৬ নভেম্বর বুধবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনের আহবায়ক কমরেড এড. সৈয়দ মোঃ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক এড. আবদুন নুর, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক শাহআলম পালোয়ান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ১৬ বছরে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার জ্বালানি লুটপাট হয়েছে। অবিলম্বে এই জ্বালানী লুটেরাদের গ্রেফতার করে বিচার করার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি খাতে যে অবাধ দুর্নীতি হয়েছে তার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। নেতৃবৃন্দ আরো বলেন, পুরো বিদ্যুৎ খাতে সংস্কার করতে পারলে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। নেতৃবৃন্দ সরকারকে দ্রুততার সাথে এই সংস্কার সাধন করে জনবান্ধব জ্বালানিখাত গড়ে তোলার আহবান জানান। নেতৃবৃন্দ যে ৬ দফা দাবির কথা উল্লেখ করেন সে ৬ দফা হলো জাতীয় স্বার্থ রক্ষার্থে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য কমাতে স্বল্প মেয়াদে দ্রুত পদক্ষেপ, বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানির চুক্তি পূর্ণমূল্যায়ন করা এবং প্রয়োজনে বাতিল করা, স্বৈরাচারি সরকারের সংগঠিত সকল জ্বালানি অপরাধের বিচার, বিদ্যুৎ ও জ্বালানিখাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরী, দেশীয় গ্যাস উত্তোলন ক্ষমতা বৃদ্ধি, আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরতা কমানো এবং সাগরে গ্যাস উত্তোলনে সক্ষমতা বৃদ্ধি করা, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে প্রতিযোগিতামূলক বিডিং নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিসমূহ পর্যালোচনা করে সকল অসম চুক্তি বাতিল করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি কুপে গ্যাস উত্তোলনের সময় ডিজেল, পেট্রোল ও কেরোসিন উৎপাদন করা হতো, সেখান থেকে প্রতি বছর ২০০ কোটি টাকা সরকার পেত, সেখানেও কুনজর পড়েছে সরকারী মাফিয়াদের। গত ২০২০ সাল থেকে ফ্যাসিষ্ট সরকারের পতনের পূর্ব পর্যন্ত সালমান এফ রহমান, তৌফিক এলাহি ও শেখ রেহানা প্রায় ৪০০ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। নেতৃবৃন্দ অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল করে লুটেরাদের বিচার করার দাবি জানান।
Posted ৩:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah