নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়া (৪৫) কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। গতকাল ১৬ ফেব্রুয়ারি রোববার রাতে কসবা উপজেলার কুটি চৌমুহনী বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রেফতার হওয়া উজ্জ্বল উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে।
আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে র্যাব থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। র্যাব ৯ (সিলেট) এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার রাতে জেলার কসবা থানার কুটি চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় কুটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah