অনলাইন ডেস্ক | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 101 বার পঠিত
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে। আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা ও সমৃদ্ধির বাংলাদেশ।
শনিবার কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দেন। তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আজও দেশ-বিদেশে সমাদৃত। তিনি বলেন, “আমিও একজন কৃষক; ধান উৎপাদনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। কুমিল্লাসহ সারাদেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
আমিন উর রশীদ ইয়াছিন জানান, কুমিল্লায় তিনি প্রথম রপ্তানিমুখী কারখানা স্থাপন করেন। স্থানীয় মানুষের সহযোগিতায় সেখানে শিল্পায়নের বিস্তার ঘটেছে। এই অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি সরকারি গাড়ি ব্যবহার করেন না এবং জ্বালানি খরচও নেন না; ভবিষ্যতেও নেবেন না। একইভাবে সরকারি বেতন-ভাতাও গ্রহণ করবেন না বলে জানান।
তিনি আরও বলেন, কুমিল্লার ঐতিহ্য পুনরুদ্ধারে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করতে চান। কুমিল্লাকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে এবং অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আমার দায়িত্বাধীন বিভাগগুলোতে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়, সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারব বলে বিশ্বাস করি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah