সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, একটা রাষ্ট্র আমরা পেয়েছি- যেখানে কোনো টাকা ছিল না। কোনো সিস্টেম নেই। দুর্নীতির এতোগুলো স্তর বিশিষ্ট যে আমাদের পক্ষে অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন। আমরা দেখেছি মানুষ ভালোবেসে ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছেন, আবার এটাওতো দেখতে পাচ্ছি মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছেন। এক বছরে ধৈর্যহীন হয়ে গেলে ১৫ বছরের দুর্নীতি কী করে শোধরাবো?
আজ ২৭ আগস্ট বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলে নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে। যখন ২০২৪ এর জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পরে ঢেউ জনসমুদ্রের মতো, যখন তারা মুক্তির আহ্বানে মেতে উঠেছিল- সেদিন আমার মনে হয়েছিল যেন স্বয়ং ফেরেশতা নেমে এসেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান প্রমুখ।
Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah