সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানা পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

আশুগঞ্জ সার কারখানা পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রায় ৮ মাস ধরে গ্যাসের অভাবে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টায় আশুগঞ্জ সার কারখানার সামনে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উৎপাদনরত অবস্থায় গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন অন্তত সাড়ে ১১শ’ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে- যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন – সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভুঁইয়া, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পারলেই সরকারের লাভ। কিন্তু, একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে।

এতে করে কারখানাটি দিন-দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। পরে সমাবেশ শেষে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া