অনলাইন ডেস্ক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ছবি সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকেই আটক করেছে পাঞ্জাব পুলিশ। দলটির ঘোষিত ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের আগে ধারাবাহিকভাবে তাদের আটকের ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার ইমরানের দুই বোন ডা. উজমা খান ও নুরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়। এর এক দিন আগে রোববার আটক করা হয় তাদের আরেক বোন আলিমা খানকে।
লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয়ের পৃথক আদেশে উজমা ও নুরিনকে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় আটক করা হয়েছে। আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশের মাধ্যমে তারা পিটিআই কর্মীদের সংগঠিত করছিলেন এবং এতে জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য হুমকি তৈরি হচ্ছিল।
আদেশে ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভে তাদের কথিত সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কর্মীদের উসকানি দেওয়া এবং সরকারি ও জনসাধারণের সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, উজমা ও নুরিনকে লাহোরের কোট লাখপত কারাগারে রাখার কথা রয়েছে। এর আগে একই আইনের আওতায় আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক করা হয়। পরে তাকে কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আটকের প্রতিবাদ পিটিআইয়ের
তিন বোনকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিটিআই। দলটির অভিযোগ, এটি ক্ষমতার অপব্যবহার এবং মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা।
পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেছেন, উজমা ও নুরিনকে তাদের সন্তানদের সঙ্গে আটক করা হয়েছিল। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে দলটি। তাদের সাঁজোয়া গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছে পিটিআই। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ইমরান খানের ছেলে কাসিম খানও তার দুই খালাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাদের বাড়িতে জোর করে প্রবেশ করে পরিবারের সদস্যদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আটকের কারণ জানানো হয়নি।
২৭ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে উত্তেজনা
ইমরান খানের মুক্তি ও সংবিধানের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের ঘোষণা দিয়েছে পিটিআই।
এই কর্মসূচিকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সরকার কর্মসূচির নামে সড়ক অবরোধ বা জনজীবনে বিঘ্ন ঘটতে দেবে না।
ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছর দুর্নীতির মামলায় তাকে ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। অনাস্থা ভোটে তার সরকারের পতনের পর থেকেই দেশটির রাজনীতিতে টানাপোড়েন ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: ডন, ফ্রান্স ২৪, এএফপি
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah