জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 171 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকা ডুবে নিখোঁজের দুদিন পর তন্ময় নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ ৩ অক্টোবর শনিবার সকালে উপজেলার ঘাটাখালি নদীতে বরিয়াবহ-রসুলপুর ব্রিজের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় ৩ অক্টোবর শুক্রবার অপর নিখোঁজ শিশু অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। এক সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তন্ময় চন্দ্র দাস (৯) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে।
এর আগে শুক্রবার সকালে হিজলতলীর প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাপাইর এলাকায় তুরাগ নদে বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। এসময়ে বেশিরভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও চার বছরের শিশু অঙ্কিতা ও ৯ বছরের তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়। শুক্রবার সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। তবে সেদিন সারাদিন খোঁজাখুজি করে তন্ময়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ শনিবার সকালে উপজেলার ঘাটাখালি নদীতে বরিয়াবহ-রসুলপুর ব্রিজের পাশে তন্ময়ের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, সকালে ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তন্ময়ের মরদেহ উদ্ধার করে।
Posted ১:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah