জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 160 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় পানি পান করে দুই দিনে অন্তত দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কারখানা দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার মোয়াজ উদ্দিন টেক্সটাইল অ্যান্ড নীট ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার পূর্বচান্দরা বোর্ড মিল এলাকার মোয়াজ উদ্দিন টেক্সটাইল অ্যান্ড নীট ফ্যাশন লিমিটেড কারখানায় গতকাল সোমবার শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করে কাজ করছিল। এ সময় কিছু শ্রমিক কারখানার পানি পান করলে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এভাবে ধীরে ধীরে ওইদিন অন্তত শতাধিক শ্রমিক বমি এবং পাতলা পায়খানা হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলার সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়।
পরের দিন আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যায়। তারাও পানি পান করলে আরো প্রায় শতাধিক শ্রমিক একইভাবে বমি এবং পাতলা পায়খানা করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশিরভাগ শ্রমিকের অবস্থার অবনতি হয়ে তাদের ঢাকার মহাখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর ওই কারখানার শ্রমিকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানাটি আগামী দুইদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
ডায়রিয়ায় আক্রান্ত কারখানার ডায়িং সেকশনের শ্রমিক সজিব মিয়া বলেন, আজ মঙ্গলবার কারখানায় কাজে যোগদান করি। যোগদানের কিছুক্ষণ পর পানি পিপাসা হলে পানি পান করি। এরপর থেকে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে অসুস্থ হয়ে পড়লে আমাকে সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়। শুধু আমি নই, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পানি পান করে অন্তত ৩ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর শ্রমিক ফজলুর রহমান বলেন, হঠাৎ করে মাথা ঘুরে আমি পড়ে যাই। পরে বমি ও পাতলা পায়খানা শুরু হলে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট রাশেদুল ইসলাম বলেন, গত দুই দিনে আমাদের হাসপাতালে মোয়াজ উদ্দিন কারখানার দেড় শতাধিক শ্রমিক বমি ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা শেষে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখনো অনেকে ভর্তি রয়েছে। শুনেছি আরো অনেককে ঢাকার মহাখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, গতকাল সোমবার থেকে কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েল তাদের সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালসহ ঢাকার মহাখালীতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পানি পান করে এরকম হয়েছে কি-না বলতে পারছি না। তবে মনে হয় ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে। কারখানার পানি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া কারখানা দুই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান তিনি।
Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah