অনলাইন ডেস্ক | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 66 বার পঠিত
ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নীলফামারীকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এখানে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তরুণদের চাকরির ব্যবস্থা ও বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ডসহ নানা সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোনো ধর্ম-বর্ণের বিভাজন ছিল না। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের আন্দোলনেও ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ ছিল না। আমরা ক্ষমতায় এলে কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, জনগণের ক্ষমতার মূল্যায়নের সময় এসেছে। এখন মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই। সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের ভয়ভীতি এমনকি হুমকি দেওয়া হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে এসব অন্যায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ আরও অনেকে।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌরসভা মাঠে উপস্থিত হন।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah