জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 196 বার পঠিত
বাংলাদেশের কৃষিকে আরও আধুনিক, টেকসই ও উৎপাদনমুখী করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষিযন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার গাকৃবি বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা থেকে আগত ৪০ জন কৃষক ও কৃষাণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দুটি পর্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের শুরুতে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা তাঁদের চাষাবাদকৃত ফসলের ধরন তুলে ধরেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে অধিক উৎপাদনের বিষয়ে দিকনির্দেশনা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান কৃষকদের “সবচেয়ে বড় বিজ্ঞানী” হিসেবে উল্লেখ করে বলেন, কোনো কৃষি প্রযুক্তি তখনই সফল হয়, যখন তা গবেষণাগার থেকে বের হয়ে মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে কার্যকরভাবে ব্যবহৃত হয়। তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত কৃষি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে কৃষি যন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান এবং প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমান সচিত্র উপস্থাপনার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা পেয়ে কৃষকরা উপকৃত হন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শুধু নিজ নিজ জমিতে প্রয়োগ করলেই চলবে না, বরং তা আশপাশের কৃষকদের মাঝেও ছড়িয়ে দিতে হবে, তবেই প্রযুক্তির প্রকৃত সুফল পাওয়া যাবে।
বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
Posted ১২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah