জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 247 বার পঠিত
গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ শরিফ উদ্দীন। এর আগে তিনি বরিশালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ ২৬ নভেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুর রহমান। একই প্রজ্ঞাপনে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেককে বদলি করে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগ চূড়ান্ত করা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ এ লটারি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের জন্য নির্বাচিত হন বরিশালের বর্তমান এসপি মোঃ শরিফ উদ্দীন।
২০২৪ সালের ২২ ডিসেম্বর তিনি বরিশাল জেলার পুলিশ সুপার পদে যোগ দেন। ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা শরিফ উদ্দীন ২০০৬ সালের ২১ আগস্ট চাকরিতে যোগ দেন। এর আগে তিনি পিবিআই নাটোর জেলায় দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি (কৃষি) ও এমএসসি (এগ্রো ফরেস্ট্রি) ডিগ্রি অর্জন করেছেন। রাজশাহীতে তার বাড়ি।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah