সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অটোরিকশা চালক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার তিন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

গাজীপুরে অটোরিকশা চালক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার তিন

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশিও উদ্ধার করা হয়।

রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজীব খান, নকিবুল হাসান ওরফে রাকিব এবং নরসিংদীর মনোহরদীর দোকানমালিক কিবরিয়া। অটোরিকশা কেনা ও হেফাজতে রাখার অভিযোগে কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই জানায়, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়ার মির্জানগর থেকে অটোরিকশা নিয়ে বের হন ৬০ বছর বয়সী আতাউর রহমান। পরে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পিবিআই পুলিশ সুপার জানান, ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকা থেকে রাজীব ও নকিবুলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরদী থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে অটোরিকশা কেনা ও হেফাজতে রাখার অভিযোগে কিবরিয়াকেও গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতে রাজীব ও নকিবুল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা হত্যাকাণ্ডটি ঘটান বলে জবানবন্দিতে উঠে এসেছে।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আতাউর রহমানের মা জহুরা খাতুন। মা-ছেলের পরপর মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া