জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 161 বার পঠিত
প্রতিকী ছবি
গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মা ও তার দুই সন্তান নিহত হয়েছেন। আজ ২৬ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি সরে যাওয়ার চেষ্টা করে। তবে ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা, এক মেয়ে ও এক ছেলের মৃত্যু হয়।
ঘটনার সময় পাশে দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেনটি কাছে আসতে দেখে বাঁশি বাজিয়ে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু তারা রেললাইন থেকে সরে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় এবং ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ৩:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah