জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত
গাজীপুরে স্থানীয় বখাটেদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহানগরীর গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ (২২) স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪)। তিনি একই এলাকার আতাউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুনিয়া তারগাছ বেলাল নগর রোডে তিনি একটি দোকানে বিল আনতে যান। এ সময় ওই দোকানের সামনে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবকের আড্ডা দেখতে পান।
তাদের মধ্যে রবি নামে একজন চাকু নিয়ে দোকানের সামনে পায়চারি করছিলেন। এতে জামিল প্রতিবাদ করলে জামিলের ওপর চড়াও হন রবি। তাকে রক্ষায় বন্ধু মারুফ এগিয়ে গেলে সন্ত্রাসীরা মারুফের ওপরও হামলা চালায়। এ সময় জামিল আহত অবস্থায় দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও মারুফ সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারুফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত জামিল স্থানীয় বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে এলাকায় অভিযান অব্যাহত আছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah