আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। কর্মসূচির কারণে মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আজিবুর রহমান। পথে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট তিনি মারা যান।
এ ঘটনায় আজিবুরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করলেও অন্য আসামিরা পলাতক রয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Posted ৩:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah