জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 218 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের আজিম উদ্দিন কলেজ রোডের সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের বাস ভবনে (গোধূলি) ১৮ সেপ্টেম্বর শনিবার দিবাগত মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ ২০ অক্টোবর সোমবার সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবন (গোধূলী) বাংলোতে গাজীপুরের অতি. জেলা ও দায়রা জজ, এবং অতি. মহানগর দায়রা জজ বসবাস করেন। সাপ্তাহিক ছুটির কারণে অতি. জেলা ও দায়রা জজ এবং অতি. মহানগর দায়রা জজ তার সরকারি বাসভবনে গত শনিবার রাতে ছিলেন না। এ সুযোগে রাত অনুমান সাড়ে ১১টা হতে রবিবার ১৯ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার মধ্যে, সরকারি বাসভবন (গোধূলী) বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাংলোর ভেতর রুমে প্রবেশ করে।
রুমে প্রবেশ করে চোরেরা সম্পূর্ণ বাংলো বাড়ির এসি ইনডোর ও আউটডোরসহ বিভিন্ন সংযোগের বৈদ্যুতিক তামার তার ও মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তামার তার যার মূল্য অনুমানিক ১৫ হাজার টাকা, ২টি বাথরুমের বিভিন্ন ফিটিংস মূল্য অনুমান ২ হাজার ৮০০ টাকা, ৩টি তরকারি কাটার চাকু, মূল্য অনুমান ৭৫০ টাকা, ৩টি সিরামিকসের প্লেট, মূল্য অনুমান ১ হাজার ৫০০ টাকা, ৩টি বেসিনের পানির ট্যাপ, মূল্য ৪ হাজার ৫০০ টাকা, কাঠের আলমারি ভেঙে তার মধ্যে রাখা বিভিন্ন ব্র্যান্ডের কাপড়-চোপড় ও কাপড় বহনকারী ব্যাগ, মূল্য ৩৭ হাজার টাকা, ১টি প্রেসার কুকার, ১টি রাইস কুকার, ১টি ওভেন, সর্বমোট মূল্য ৩৬ হাজার টাকা, ১টি টর্চলাইট, মূল্য ১ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ধরনের প্লাস্টিকের পানির পাইপ, মূল্য ২ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া দ্রব্যাদির সর্বমোট মূল্য ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা।
এজাহারে আরো উল্লেখ করা হয়, পরে গত রবিবার সকাল পৌনে ১১টার দিকে অফিস সহায়ক আল আমিন ফকির ও অফিস সহায়ক আনিস ওই বাসভবনে গিয়ে দেখেন সরকারি বাসভবনের (গোধূলী) প্রধান ফটক ভাঙা। তখন অফিস সহায়করা বিষয়টি বিচারককে জানান। পরে বিচারক বাসায় গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন।
মামলার বাদী আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেন, চুরির ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অজ্ঞাতনামাদের আসামি করে এটি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চুরির ঘটনায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ১:২০ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah