জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 203 বার পঠিত
আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গাজীপুরে জনজীবনে প্রভাব পড়েনি। আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে কর্মসূচিকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় নানামুখী তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ। মোবাইল টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি বিভিন্ন জনসমাগমস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ সদস্য অবস্থান করতে দেখা গেছে। তাদের সতর্ক অবস্থানের পাশাপাশি টহল পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন ও যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান, পোশাক কারখানাসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন জনসমাগম এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন থানা এলাকায় একাধিক টিম চেকপোস্ট বসিয়ে কাজ শুরু করেছে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো থ্রেড বা হুমকি নেই। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রতিটি থানায়, সড়ক, মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আশা করছি, কোন সমস্যা হবে না।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান বলেন, রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া মোড়ে মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া গতকাল বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে,
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বাসন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা মোবারক হোসেন, নাসির উদ্দিন নাসির।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডাকা লকডাউনে আগুন সন্ত্রাস প্রতিরোধ ও মানুষের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে। ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আবার আন্দোলন সংগ্রাম শুরু করেছে।
বিক্ষোভ সমাবেশে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দাবিতে চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের লাঠি মিছিল করতে দেখা গেছে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah