জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 251 বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে (কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড) তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চারজন প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
প্রার্থীরা হলেন—বিএনপির সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান (হাতপাখা), জনতার দলের আজম খান (কলম), ইসলামী ফ্রন্টের আল আমীন দেওয়ান (চেয়ার), গণফোরামের কাজল ভূঞা (উদীয়মান সূর্য) এবং জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল)।
আসনের রাজনৈতিক ইতিহাস :
১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন আহমেদ। ১৯৯১ সালে নির্বাচিত হন প্রয়াত ডা. আসফার হোসেন মোল্লা। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হন বিএনপির একেএম ফজলুল হক মিলন এবং একই বছরের জুনের নির্বাচনে জয় পান ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান।
২০০১ সালে বিএনপি থেকে পুনরায় নির্বাচিত হন ফজলুল হক মিলন। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন মেহের আফরোজ চুমকি। তিনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে পুনরায় সংসদ সদস্য হন। ২০২৪ সালের নির্বাচনে চুমকিকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন আখতারউজ্জামান।
ভোটার সংখ্যা :
এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৪৩৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৯৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
শক্ত অবস্থানে চার প্রার্থী :
স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলনের অবস্থান তুলনামূলকভাবে শক্ত হলেও জামায়াতে ইসলামীর খায়রুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান এবং জনতার দলের আজম খান তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন।
জামায়াত প্রার্থী খায়রুল হাসান দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছেন তিনি।
অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীক নিয়ে ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জনতার দলের প্রার্থী আজম খান বলেন, সুষ্ঠু ও সমান সুযোগ নিশ্চিত হলে ভোটাররা দল নয়, যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করবে।
বিএনপি প্রার্থী একেএম ফজলুল হক মিলন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন।
ভোটারদের মতামত :
কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা আরমান হোসেন বলেন, ঐতিহ্যগতভাবে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রভাব থাকলেও এবার ভিন্ন চিত্র দেখা যেতে পারে।
নগরীর ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা নূর আলম বলেন, জনতার দলের প্রার্থী আজম খানও শক্ত অবস্থানে রয়েছেন।
Posted ৩:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah