সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 363 বার পঠিত
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রবীণ মুহাদ্দিস ও সর্বমহলে শ্রদ্ধাভাজন ‘বাবা হুজুর’ নামে পরিচিত মাওলানা আব্দুল মালেক (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৩১ জানুয়ারি শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গন একজন প্রাজ্ঞ আলেম, আদর্শ শিক্ষক ও অভিভাবকসুলভ মহান ব্যক্তিত্বকে হারাল।
শিক্ষাদান, দাওয়াত ও তারবিয়াতে মাওলানা আব্দুল মালেক (রহ.)-এর অবদান ছিল অনন্য। ইলম, আমল ও আখলাকের আলো দিয়ে তিনি যুগের পর যুগ অসংখ্য ছাত্র ও ধর্মপ্রাণ মানুষকে সঠিক পথের দিশা দেখিয়ে গেছেন।
মরহুমের ইন্তেকালের সংবাদ শুনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রাত ৯টায় শেরপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন মুফতি সিবগাতুল্লাহ নূর। জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
Posted ৫:০০ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah