নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ মে ২০২৫ | প্রিন্ট | 231 বার পঠিত
আট বছর বয়সি শিশু মো. মাশেকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসায় পড়ে এ শিশু। মাত্র ১৩ মাসের চেষ্টায় পবিত্র কুরআনের হাফেজ হয়েছে সে। তার এমন সফলতায় খুশি পরিবারসহ এলাকাবাসী। মাশেকুর ওই গ্রামের প্রবাসী মো. দুলাল মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সদ্য হাফেজ হওয়া এ শিশু। হাফেজ মাশেকুরের চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আমার প্রবাসী ভাইয়ের ছেলে অল্প সময়ে পবিত্র কুরআন শরিফ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে।’
হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ কারি কামাল উদ্দিন বলেন, ‘মাশেকুর অনেক মেধাবী। আমাদের সহযোগিতায় সে হাফেজ হয়েছে। এতে আমরা অনেক খুশি।’ তিনি বলেন, ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক লাভ করেছে। আট বছরের শিশু মাশেকুর রহমান মাত্র ১৩ মাসে কোরআন হিফজ করায় আমাদের মাদরাসার সাফল্যের ঝুঁড়িতে আরও একটি উজ্জ্বল পালক যোগ হলো।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah