জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ট্রাকের চাপায় মো. আব্দুর রহিম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ-জরুন আঞ্চলিক সড়কের জরুন দশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার খুপি বাড়ি এলাকার তোতা মিয়ার ছেলে। তিনি জরুন এলাকার স্বাধীন ডাইং প্রাইভেট লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উপস্থিত লোকজনের মাধ্যমে জানতে পারি যে নিহত আব্দুর রহিম ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah