জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 254 বার পঠিত
আগামীকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই সমাবেশকে কেন্দ্র করে গাজীপুর জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছেন কর্মীরা।
জানা গেছে, প্রায় ২১ বছর পর তারেক রহমান গাজীপুরে পা রাখতে যাচ্ছেন। সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া।
উক্ত প্রতিনিধি সভায় ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরের ইউনিয়ন পর্যায় থেকে দুই হাজারেরও বেশি প্রতিনিধিসহ মোট তিন হাজারের কাছাকাছি নেতাকর্মী অংশ নিয়েছিলেন। সে সময় তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বিএনপির সেসময়ের ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন সেই প্রতিনিধি সভার সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
আগামীকাল বিকেল ৪টায় রাজবাড়ী মাঠে অনুষ্ঠেয় তারেক রহমানের জনসভাকে সফল করতে রোববার বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
মাঠ পরিদর্শনের সময় নেতৃবৃন্দ মঞ্চ তৈরি, জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
নেতারা জানিয়েছেন, এই জনসভা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফল করার সম্পূর্ণ দায়িত্ব মহানগর বিএনপিকে প্রদান করা হয়েছে। এ উদ্দেশ্যে আলাদা শৃঙ্খলা কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এর পূর্বে গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবন প্রাঙ্গণে জনসভা সংক্রান্ত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার এবং পরিচালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন, দীর্ঘ দুই দশক পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ প্রদান করবেন। এটি কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং গাজীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক ঘটনা।
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় উন্নয়নের একটি স্পষ্ট কর্মপরিকল্পনা। কৃষি, শিল্প, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণের উদ্দেশ্যে প্রণীত এই কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।
কাজী সাইয়েদুল আলম বাবুল আরও উল্লেখ করেন, ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ বিএনপির রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের সম্প্রতি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিধন্য এই স্থানে জনসভা আয়োজন দলের ঐতিহ্য ও ধারাবাহিকতার প্রতীক।
রোববার সন্ধ্যায় ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, দলের নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননি-সহ অন্যান্যরা।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah