জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 315 বার পঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, “আমরা বহু নির্বাচনে বহু মানুষের মুখে উন্নয়নের ফুলঝুরি শুনেছি। নতুন করে আর ধোঁকায় পড়ে দেশটাকে ধ্বংস করতে চাই না।”
৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ী কলেজ মাঠে গাজীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, দেশের কল্যাণ ও মানবতার কল্যাণে যারা দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে, তারা ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করা শুরু করেছে। প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করে অন্যায় দূর করা ও ইনসাফ প্রতিষ্ঠা করা অবাস্তব।
তিনি বলেন, গত ৫৪ বছর ধরে যে নীতি ও আদর্শে দেশ পরিচালিত হয়েছে, সে নীতি-আদর্শের মাধ্যমে এ দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের মূল তিনটি দাবি ছিল—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে রাষ্ট্র পরিচালনাকারীরা এর একটিও বাস্তবায়ন করেনি।
তিনি আরও বলেন, “আমরা দেখেছি কীভাবে দেশ বারবার দুর্নীতিতে শীর্ষে উঠে এসেছে। তামাম দুনিয়ার মধ্যে পাঁচবার দুর্নীতিতে প্রথম হয়েছে। এদের শাসনামলে হাজার হাজার মা-বোনের কোল খালি হয়েছে। মানুষ রাস্তায় নামলে গুম হয়েছে, ঘরে ফিরলে খুন হয়েছে।”
দেশের অর্থ বিদেশে পাচার করে তথাকথিত ‘বেগমপাড়া’ গড়ে তোলার অভিযোগও করেন তিনি।
রেজাউল করিম প্রশ্ন তুলে বলেন, “আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিমজ্জিত থাকব, নাকি পরিত্রাণ চাইব?” তিনি দাবি করেন, দুর্নীতি থেকে মুক্তির একমাত্র পথ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হাতপাখা।
তিনি বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার একটি সুন্দর সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে আমাদের ভবিষ্যতে আফসোস করতে হবে।”
Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah