সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 231 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংযোগকালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
গণসংযোগকালে বক্তব্যে তিনি বলেন, “একটি দল জনসমর্থনের জোয়ার দেখে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। প্রশাসন নিরপেক্ষ থাকলে কোনো ইঞ্জিনিয়ারিং সফল হবে না। অন্যথায় বাঞ্ছারামপুরের মানুষ তার উপযুক্ত জবাব দেবে।”
তিনি বলেন, বাঞ্ছারামপুর দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের সংকট আর চলতে দেওয়া যায় না। “মানুষ এখন পরিবর্তন, উন্নয়ন ও ন্যায্য অধিকার চায়,” বলেন তিনি।
নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, নির্বাচিত হলে তিনি বাঞ্ছারামপুরকে একটি পরিকল্পিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “জনগণের অর্থ লুটপাটের কোনো সুযোগ দেওয়া হবে না। বাঞ্ছারামপুরকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন জনপদে পরিণত করা হবে।”
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ডোর-টু-ডোর গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের বাড়ি পর্যন্ত সর্বত্র মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা অনেক জায়গায় মিছিলের রূপ নেয়।
গণসংযোগকালে অনেক ভোটার জানান, তারা গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’কে বিএনপির ধানের শীষের বিকল্প হিসেবে দেখছেন।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাঞ্ছারামপুর আসনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, “আমি বিএনপির একজন কর্মী। দল যে প্রার্থী দিয়েছে, আমরা সবাই মিলে তাকে বিপুল ভোটে বিজয়ী করব।”
আইয়ুবপুর ইউনিয়নে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড শুকরি সেলিম, বিএনপি নেতা জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
পথসভায় অন্যান্য বক্তারা বলেন, বিএনপি জোটের প্রার্থী হিসেবে জোনায়েদ সাকি সাধারণ মানুষের কথা বলেন, মাঠের বাস্তবতা বোঝেন এবং বাঞ্ছারামপুরের উন্নয়নে একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন, যা এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
গণসংযোগকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের প্রত্যাশায় প্রার্থীকে স্বাগত জানান এবং বাঞ্ছারামপুরের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah