জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 129 বার পঠিত
বিয়ের মাত্র ১ মাস যেতে না যেতেই বাবার বাড়ি থেকে মারিয়া আক্তার নামের এক নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামে আজ ২ জানুয়ারি শুক্রবার সকালে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কোনো টানাপড়েন থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিহত মারিয়া আক্তার (২২) খোজেখানী গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩০ দিন আগে চাঁদপুর জেলার মতলব থানার নীলারচর গ্রামের আব্দুর রাহিমের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক দিন পর মারিয়া বাবার বাড়িতে বেড়াতে আসেন। আসার পর থেকেই তাকে বেশ বিমর্ষ ও দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। আজ শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে স্বজনরা তার ঝুলন্ত দেহ দেখতে পান।
নিহতের মা রোবিয়া আক্তার কান্নায় ভেঙে পড়ে জানান, তার মেয়ে মানসিকভাবে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। তবে স্বামী বা শ্বশুরবাড়ির সাথে কোনো সুনির্দিষ্ট বিবাদ ছিল কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাতে পারেননি।
শ্রীপুর থানর এসআই সুরুজ্জামান বলেন, খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ নাসির উদ্দিন বলেন, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Posted ৪:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah