শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে ৯ হাজারের বেশি পোস্টাল ভোট পৌঁছেছে

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   144 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে ৯ হাজারের বেশি পোস্টাল ভোট পৌঁছেছে

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের পাঠানো পোস্টাল ভোট দেশে আসতে শুরু করেছে। পবিত্র শবে বরাতের ছুটি বাদ দিয়ে গত তিন দিনে বিদেশ থেকে ৯ হাজারের বেশি পোস্টাল ভোট এসে পৌঁছেছে। পাশাপাশি দেশের ভেতর থেকে এসেছে আরও প্রায় ৭০০টি পোস্টাল ভোট।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে পোস্টাল ভোটের জন্য মোট ৪০ হাজার ১৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ২৯ হাজার ৭০৭ জন এবং দেশের অভ্যন্তরে কর্মরত ভোটার ১০ হাজার ৪৭৫ জন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রথম দিন দেশের অভ্যন্তর থেকে পাঠানো ৬৮টি পোস্টাল ভোট জমা পড়ে। দ্বিতীয় দিনে আসে ২ হাজার ১৯৪টি প্রবাসী ভোট। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আরো সাড়ে ৭ হাজার পোস্টাল ভোট আসে, যার মধ্যে প্রায় ৭ হাজারই প্রবাসীদের পাঠানো।

গত ২ ফেব্রুয়ারি থেকে জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ডাকযোগে আসা ভোটের খামগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর স্ক্যান করে সিলগালা করা নির্ধারিত ব্যালট বাক্সে সংরক্ষণ করা হচ্ছে। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আসা সব পোস্টাল ভোট ব্যালট বাক্সে জমা রাখা হবে এবং মূল ভোটের সঙ্গে একসঙ্গে গণনা করা হবে।

রিটার্নিং কর্মকর্তার পক্ষে এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খুলে পোস্টাল ভোট গণনা করা হবে। বর্তমানে চারটি স্ক্যানারের মাধ্যমে খাম যাচাই করে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সরকারি চাকরিজীবী, কারাবন্দি বা আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনের দিন দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও এই ব্যবস্থার আওতায় ভোট দিতে পারছেন। পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা শেষ হয় গত ৫ জানুয়ারি।

Facebook Comments Box

Posted ৬:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া