সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 202 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম আল আমীন (১৯)। আজ ২ জানুয়ারি শুক্রবার সকালে শাহবাজপুর গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আল আমীন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার গোপালপুর বাজারে দিনে দুপুরে গরু চুরির অভিযোগে গত ২৫ ডিসেম্বর এলাকার গরু চোর নাসিরাবাদ গ্রামের কুদ্দুস মিয়া ও তার শ্যালক শাহবাজপুরের আল আমীনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ আহত ওই শ্যালক-দুলাভাইকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে চুরির মামলা দায়েরের পর আটক কুদ্দুস মিয়া ও আল আমীনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পরে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আল আমীন বৃহস্পতিবার দুপুরে মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, এলাকাবাসীর গণ পিটুনির শিকার হয়েছিলেন ওই দুই জন। পুলিশ খবর পেয়ে দুজনকে উদ্ধার করে মামলা দিয়ে কোর্টে চালান করেছিল। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব।
ব্রাহ্মণবাড়িয়ার কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান বলেন, কয়েদি আল আমীন দুদিন আগে ঠান্ডাজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হলে জেলা কারাগার হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah