জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 162 বার পঠিত
দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন। জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে তিনি গাজীপুরের টঙ্গীতে আসেন। সময়ের সঙ্গে এখানেই গড়ে উঠেছে তাঁর সংসার, সন্তানের পড়াশোনা এবং এখানকার ঠিকানাতেই তাঁর জাতীয় পরিচয়পত্র।
রবিবার বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় কথা হলে জসিম উদ্দিন বলেন, ‘ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা এখানেই থাকি ও কাজ করি। কে আমাদের কথা বুঝবে, সেটা ভোট দিয়েই জানাতে চাই। কারখানায় ছুটি থাকায় সকালেই ভোট দিতে যাব।’ তিনি জানান, শ্রমিকদের পক্ষে যিনি কথা বলবেন, তাকেই তিনি ভোট দেবেন।
জসিম উদ্দিন একা নন। গাজীপুরের হাজারো শিল্পকারখানায় কর্মরত লাখো শ্রমিকের জীবনকথা প্রায় একই। দেশের বিভিন্ন জেলা থেকে কাজের সূত্রে এসে তাঁরা এখন গাজীপুরের ভোটার। এই শ্রমিক ভোটাররাই এবার গাজীপুরের নির্বাচনী সমীকরণে বড় ফ্যাক্টর হয়ে উঠছেন।
ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ), গাজীপুর-২ (গাজীপুর মহানগর ও টঙ্গী) এবং গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর একাংশ) শিল্পঘন এলাকা। পোশাক, টেক্সটাইল, ওষুধ, প্লাস্টিক ও ইলেকট্রনিকস কারখানায় এসব এলাকায় কয়েক লাখ শ্রমিক কর্মরত। কর্মসংস্থানের সুবাদে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকদের বড় একটি অংশ এখন এখানকার ভোটার।
গাজীপুর সদর, টঙ্গী, কোনাবাড়ী, কালিয়াকৈর ও শ্রীপুরজুড়ে শিল্পকারখানার ঘনত্ব বেশি। পোশাকশিল্পের কারণে নারী শ্রমিকের সংখ্যাও উল্লেখযোগ্য। স্থানীয় বাজার, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকেরা এখন আর ভাসমান জনগোষ্ঠী নন; বরং স্থানীয় সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ফলে শ্রমিকদের ভোটাধিকার ও রাজনৈতিক সচেতনতা আগের চেয়ে বেড়েছে।
গাজীপুরের ভোগড়া এলাকায় বসবাসকারী দিগন্ত সোয়েটার কারখানার শ্রমিক মো. শামীম হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে কাজ করায় আমি ও আমার স্ত্রী গাজীপুরের ভোটার হয়েছি। আমরা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চাই।’
প্রার্থীদের বাড়তি তৎপরতা
নির্বাচন সামনে রেখে শিল্পঘন তিনটি আসনেই প্রার্থীদের প্রচারণা জোরদার হয়েছে। প্রচলিত গণসংযোগের পাশাপাশি তাঁরা এবার সরাসরি শিল্পকারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন।
রোববার সকালে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান অন্তত ১২টি কারখানায় শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আগের নির্বাচনগুলোতে শ্রমিকেরা আমাকে ভোট দিয়েছেন। এবারও তাঁদের সমর্থন পাব বলে আশা করছি।’
গাজীপুর-১ আসনের জামায়াত প্রার্থী শাহ্ আলম বকশি বলেন, ‘এই এলাকায় শ্রমিক ভোটারই নির্বাচনের ফল নির্ধারণ করবে।’
গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থী আলী নাছের খান বলেন, শিল্পকারখানার শ্রমিকদের একটি বড় অংশ তাঁদের পক্ষে রয়েছে।
কারখানাশ্রমিক মো. হোসেন আলী বলেন, ‘যিনি শ্রমিকদের দাবি আদায়ে পাশে থাকার কথা দেবেন, তাকেই ভোট দেব।’
স্থানীয়দের মতে, শিল্পঘন এই তিনটি আসনে অতীতে জয়-পরাজয়ের ব্যবধান কম ছিল। শ্রমিক ভোটাররা চাইলে ফলাফল বদলে দিতে পারেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, ‘গাজীপুরে শ্রমিকের ভোট যাঁর ব্যালটে যাবে, তিনিই নির্বাচিত হবেন।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, ‘বিশাল শ্রমিক ভোটব্যাংক, তরুণ ও নারী ভোটারের সংখ্যা এবং ফলাফল বদলে দেওয়ার সক্ষমতার কারণে শ্রমিকরাই এবার গাজীপুরের নির্বাচনে নির্ধারক শক্তি।’
Posted ৫:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah