জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 157 বার পঠিত
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাছের উৎপাদন বাড়াতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমানো ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, ধান চাষে কিছু কীটনাশক অতিরিক্ত টক্সিক এবং এগুলো শনাক্ত করে বাদ দেওয়া প্রয়োজন।
আজ ২০ জানুয়ারি মঙ্গলবার গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তর পরিদর্শনের পর ব্রির মহাপরিচালকের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, দেশে অনেক অনিয়ন্ত্রিত হাইব্রিড ধানের জাত রয়েছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে এমন দেশি ধানের জাত শনাক্ত করে উৎপাদন বাড়াতে হবে। বোরো ধান চাষে সেচের কারণে বরেন্দ্র অঞ্চলের পানির স্তর নিচে নামছে কি না তা পর্যবেক্ষণ করতে হবে।
তিনি কৃষি মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয় জোরদার করার ওপর জোর দেন এবং ছোট ছোট এনজিওগুলোর সঙ্গে ব্রির সুসম্পর্ক গড়ে তোলার গুরুত্বের কথাও উল্লেখ করেন।
ফরিদা আখতার আরো বলেন, দেশীয় ধানের জাতগুলোকে আমাদের নিজেদের সুরক্ষায় রাখতে হবে। বিদেশে সংরক্ষণের বদলে দেশের মধ্যে সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হবে।
সভায় ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, বিভাগীয় প্রধানগণ ও বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল।
Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah