জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 64 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে গাজীপুর-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মজিবুর রহমান বলেছেন, ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে কাজ করা নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে বাধা সৃষ্টি করেছে, যারা ধানের শীষকে পরাজিত করতে প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে এবং যারা পরাজিত প্রার্থীর কাছ থেকে অর্থ নিয়ে ধানের শীষের বিপক্ষে ভোট চেয়েছে—তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।”
মজিবুর রহমান অভিযোগ করেন, গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে একাধিকবার ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে ও ভোট চাইতে আহ্বান জানানো হলেও তিনি সাড়া দেননি। তার দাবি, ইশরাক সিদ্দিকী পরাজিত প্রার্থীর সঙ্গে সমন্বয় করে ধানের শীষকে হারানোর চেষ্টা করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল এবং সিনিয়র নেতাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এমনকি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদককে রাতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে কারাভোগ করানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে দলীয় ঐক্যের স্বার্থে তখন বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি বলে জানান তিনি।
মজিবুর রহমান বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই ইশরাক সিদ্দিকীকে দল থেকে অব্যাহতি দেওয়া উচিত।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। এছাড়া গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্মসম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শামছুল আলম সরকার এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah