নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত
সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন হনুফা বেগম। তিনি বেসরকারি সংস্থার মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এক সহকর্মীর মোটরসাইকেলে চড়ে সকালে কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে ট্রাক্টর ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান। ৩০ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় দুর্ঘটনায় নিহত হন হনুফা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে খাটিহাতা হাইওয়ে থানায় নিয়ে রাখে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হনুফা পেশায় বেসরকারি একটি সংস্থার মাঠকর্মী। তাঁর কর্মস্থল ছিল বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে। প্রতিষ্ঠানটির ইছাপুর শাখার ব্যবস্থাপক ফারুক হোসেনের (৩৫) সঙ্গে একই মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন হনুফা। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে হনুফা মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত ফারুককে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও হনুফার মাথায় হেলমেট ছিল না। মাথায় আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ বলেন, মোটরসাইকেল ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। ট্রাক্টরচালক পলাতক। এ ব্যাপারে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।
Posted ৬:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah