জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 164 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামের আজ সকালে লান্তাবুর অ্যাপারেলস লিমিটেড কারখানার একটি পুরনো দেয়াল ধ্বসে বেলাল হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ বেলাল হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। ওই কারখানায় প্রিন্টিং ইনচার্জ হিসেবে চাকরি করতেন।
স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, বহুদিন ধরে কারখানার পেছনের ওই দেয়ালটি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। আজ ১৭ আগস্ট রবিবার সকালে ওই দেয়ালের পাশ দিয়ে বেলাল হোসেনসহ আরও কয়েকজন কারখানায় কাজে যাচ্ছিলেন।
এ সময় দেয়ালটি ধ্বসে পড়লে বেলাল আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্দেশ্যে পাঠানো হয়।
পথিমধ্যে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত পৌঁছলে বেলালের অবস্থার আরো অবনতি হয়। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সালমানের সাথে ফোনে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি বক্তব্য দিতে চাননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah