জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 193 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে আজ ১৮ জানুয়ারি রবিবার আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩/৭৪৪) ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল থেকে শ্রীপুর উপজেলার প্রধান সড়কে আনন্দ র্যালি এবং স্টেশন এলাকায় বাদ্যযন্ত্রের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ট্রেন পৌঁছার পর ইঞ্জিন ফুল দিয়ে সজ্জিত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। শ্রীপুর বাজারের ব্যবসায়ী এবং যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক তপন বণিক বলেন, তিন বছর ধরে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের দাবিতে ট্রেনের যাত্রাবিরতি দাবি করা হয়েছিল। অবশেষে রেল বিভাগ এই দাবিতে সাড়া দিয়েছে।
শ্রীপুর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। প্রথম দিনে নির্ধারিত ১০টি সিটের পাশাপাশি ৬১টি স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয়ে মোট ৭১টি টিকিট বিক্রি হয়। স্থানীয়রা আশা করছেন, যাত্রাবিরতির ফলে সড়কপথের দীর্ঘ সময় বাঁচবে এবং ট্রেন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে।
শ্রীপুর রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, ঢাকার উদ্দেশ্যে ট্রেনের প্রথম যাত্রা সকাল ১০:৪০ এ শুরু হয় এবং সন্ধ্যা ৬:১৫ থেকে রাত ৮:০০ পর্যন্ত ট্রেন শ্রীপুরে ফিরে আসে।
Posted ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah