রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মই বেয়ে বাড়িতে ঢুকে দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

শ্রীপুরে মই বেয়ে বাড়িতে ঢুকে দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার

বাইরে কোনো কিছুর শব্দ শুনবার পাইলে বুকটা কাঁইপা ওডে। এই বুঝি মেশিন বুলডোজার আইতাছে বাড়িঘর ভাঙতে। ডাকাডাকি করি, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। তবুও তো আমার রাত শেষ হয় না। তিন দিন ধরে পেটে একটাও দানা পড়ে না। ঘরে চাইল, ডাইল, তেল কিছু নাই। বড়লোক নূরুল হুদা হুমকি বেশি কইরা দিতাছে। কাঁইদা কাঁইদা চোখের পানি শেষ করছি। তবুও বিচার পাই না। না ঘুমিয়ে রাত পার করতাছি বাড়িঘর ঠিক রাখতে।’ কথাগুলো বলছিলেন পঞ্চাশোর্ধ বিধবা নারী শামসুন্নাহার বেগম।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড গ্রামে ছেলেকে নিয়ে থাকেন শামসুন্নাহার বেগম। পাঁচ বছর আগে তাঁর স্বামী আমিরুল ইসলাম মারা গেছেন। শামসুন্নাহার বেগমের অভিযোগ, প্রভাবশালী ব্যবসায়ী নূরুল হুদা তাঁর বাড়ি দখল করে নিতে তাঁদের নানাভাবে চাপ দিচ্ছেন। তাঁদের হেনস্তা করছেন।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, শামসুন্নাহারের বসতবাড়ির চারপাশে কাঠ ও বাঁশের বেড়া। একটু জায়গাও নেই বসতবাড়িতে প্রবেশের। বাড়ির পেছন দিয়ে মই বেয়ে দেয়াল পার হয়ে বাইরে যাতায়াত করেন মা ও ছেলে।

ভুক্তভোগী শামসুন্নাহার বেগম গণমাধ্যমকে বলেন, ‘নয় মাস ধরে আমি নজরবন্দী। চঙ্গ (মই) দিইয়া কোঠা (দেয়াল) বেয়ে কষ্ট কইরা যাওয়া আওয়া করতাছি। বাড়ির চারদিকে বাঁশ আর কাঠ দিয়ে বেড়া দিছে। এক এনঞ্চি (ইঞ্চি) জায়গা রাখল না বাড়ি থেকে বাইর হওয়ার। নয় মাস ধরে একটা রাত ঘুমাইতে পারি নাই। বাড়ির পাশের বড়লোক নূরুল হুদা আমার বাড়ির চারপাশে বেড়া দিছে। সব সময় হুমকি দিতাছে বাড়িঘর ছাইড়া দিতে। বাড়িঘর ছাইড়া অন্য জায়গায় যাইতে। না গেলে রাতে নাকি মেশিন (বুলডোজার) দিয়ে বাড়িঘর ভাইঙা গুঁড়াইয়া দিব। বাজারতে এক কেজি চাল কিনে মই বাইয়া দেয়াল পার হয়ে ঘরে যাইতে হয়। গরু-ছাগল ছিল। ঘরতে বাইর করতে না পাইরা বেইচ্চা দিছি। অনেক রাত হলে চোখে ঘুম আসে। চোখ বন্ধ হইয়া গেলে চোখে পানি দেই। এভাবে জাইগা থাহি। ঘরের মধ্যে হাঁটাহাঁটি কইরা রাত শেষ করি।’

ভুক্তভোগী নারীর ছেলে সাইফুল ইসলাম দিপু বলেন, ‘নয় মাস অইলো আমাগোর মা-পোলার ওপর চলতাছে এমন অত্যাচার। কয়েকবার মাকে মারছে। বাড়িঘর ছাইড়া চইল্লা যাইতে কয়, কিন্তু মা বাবার বসতবাড়ি ছাইড়া যাইব না। ২০০৫ সালে বাবার কষ্টের ইনকামের টাকা দিইয়া সাড়ে ৩ শতাংশ জমি কিনছিল। আজ জমির দাম কোটি টাকা। তাই বড়লোকদের লোভ লাগছে। একটা রাতও ঘুমাইতে পারি না। বাড়ির চারপাশে বেড়া দিছে। আমি কষ্ট করে পার অই। মার খুবই কষ্ট লাগে। জমি ছাইড়া দিতে সব সময় হুমকি দিতাছে মফিজ উদ্দিনের পোলা নূরুল হুদা। বুলডোজার দিইয়া নাকি বাড়ির চিহ্ন রাখব না। আমাদের রক্ষা করার মালিক আল্লাহ। মা একটা রাতেও ঘুমায় না চিন্তায়।’

অভিযোগে বিষয়ে জানতে চাইলে নূরুল হুদা বলেন, আমি কার নির্দেশনায় করছি, এটা তাদের কাছে জানুন। আপনারা বেড়ায় টাচ করতে পারবেন না। এই জায়গায় যেতে পারবেন না। আমার বিষয়ে তাদের সব জানা আছে। আপনাদের সঙ্গে কোনো কথা নেই।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অবরুদ্ধ পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া