সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে শত বছরের পুরোনো কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   294 বার পঠিত

শ্রীপুরে শত বছরের পুরোনো কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে শত বছরের পুরোনো একটি কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, নুরে আলম মোল্লা নামের ওই ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও জাল দলিল ব্যবহার করে প্রায় ১৪ শতক জমি দখল করেন।

ভুক্তভোগীরা জানান, শ্রীপুর দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ওই কবরস্থানটি এলাকাবাসী দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। হঠাৎ একদিন কবর ভেঙে মাটি সমতল করে সেখানে ইট-বালু দিয়ে মার্কেট নির্মাণের কাজ শুরু হয়। এলাকাবাসীর বাধার মুখে নির্মাণ কাজ কিছুদিন বন্ধ থাকলেও, পুনরায় তা শুরু করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

নুরে আলম মোল্লার ছেলে কৌশিক আহমেদ ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা (নং ৯২০/২০২৫) দায়ের করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। অভিযোগ রয়েছে, মামলার শর্ত ভেঙে ১২ অক্টোবর ২০২৫ তারিখে জমিতে নির্মাণ সামগ্রী এনে ভবন নির্মাণের চেষ্টা চালানো হয়। এতে বাধা দিলে মেহেদী হাসান শামীম নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তারা অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, একদিকে মামলা দিয়ে হয়রানি, অন্যদিকে সন্ত্রাসী ভাড়া করে জমি দখলের চেষ্টা চলছে।

জমির কাগজপত্র বিবরণ থেকে জানা যায়, বিরোধীয় জমিটি শ্রীপুর মৌজার এস.এ ৪২৩ ও আর.এস ৭৩৯ খতিয়ানভুক্ত। ১৯৮৪ সালে ফজর উদ্দিনের কাছ থেকে এওয়াজ দলিলে (নং ২৩৭২) খবির উদ্দিন নামীয় ব্যক্তি ১৫ শতক জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন। কিন্তু নুরে আলম মোল্লার মালিকানার দাবিকৃত জমির দাগ ও খতিয়ান ভিন্ন।

নুরে আলম মোল্লা তার পিতা থেকে যে হেবা দলিলে (নং ৪৫৬১) জমি পান, সেটি এস.এ ৪২৪ খতিয়ানে অন্তর্ভুক্ত এবং তার দাবিকৃত জমির সাথে বিরোধীয় জমির কোনো মিল নেই বলে তদন্তে উঠে এসেছে। তা সত্ত্বেও ২০২১ সালে নামজারি জমাভাগের (নথি নং ৩৫৭/২১-২২) মাধ্যমে জমিটি নিজের নামে নিবন্ধনের চেষ্টা চালান তিনি।

এদিকে, এলাকাবাসী জানান, নুরে আলম মোল্লা বর্তমানে একটি হত্যা মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন। পলাতক অবস্থাতেই তিনি সন্ত্রাসী ভাড়া করে দখল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরে আলম মোল্লার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় জমির প্রকৃত মালিক খবির উদ্দিন ন্যায়বিচারের আশায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কবরস্থানের পবিত্রতা ও জমির সুরক্ষার দাবি জানান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করেন, একটি কবরস্থানের জায়গায় মার্কেট নির্মাণ শুধু অবৈধ নয়, ধর্মীয় ও সামাজিকভাবে চরমভাবে অগ্রহণযোগ্য।

Facebook Comments Box

Posted ৬:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া