সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 129 বার পঠিত
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ডে দুইটি গভীর অনুসন্ধান কূপ খননের জন্য একটি চীনা প্রতিষ্ঠান সিসিডিসির (সিএনপিসি চংচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড) সাথে চুক্তি করা হয়েছে। আজ ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে ঢাকায় পেট্রোবাংলার বোর্ডরুমে বিজিএফসিএল ও চীনা প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়াস্থ বিজিএফসিএলের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজিএফসিএলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব মো. মোজাহার আলী এবং সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লি জিয়াওমিং।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি, পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, বিজিএফসিএল ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, জ্বালানি ঘাটতি পূরণের লক্ষ্যে ভূ-গর্ভস্থ গভীরতম স্তর থেকে গ্যাস অনুসন্ধানের জন্য দুইটি গভীর অনুসন্ধান কূপ তিতাস-৩১ ডিপ (৫,৬০০ মিটার) এবং বাখরাবাদ-১১ ডিপ (৪,৩০০ মিটার) এর খনন প্রকল্প নেয়া হয়েছে। কূপ খনন, ভূমি অধিগ্রহণ ও গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা। এর মধ্যে জিওবি ঋণ ৫৫৮ দশমিক ৬০ কোটি টাকা এবং বিজিএফসিএলের নিজস্ব অর্থায়ন ২৩৯ দশমিক ৪০ কোটি টাকা। উক্ত প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল জুলাই-২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। খনন শেষে তিতাস-৩১ ডিপ কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং বাখরাবাদ-১১ ডিপ কূপ থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah