সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 179 বার পঠিত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন করতে পারবো। সেভাবে আমাদের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তৈরি আছে, আমাদেরও আন্তরিকতার অভাব নেই। আজ ১০ আগস্ট রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকায় জামিয়া দারুল আরকাম মাদরাসায় আলেম-ওলামাদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা যখন দায়িত্ব নেই, তখন থানা-পুলিশ ছিল না। আমি ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখেছি শিক্ষার্থীদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিনে নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে বহুগুণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। অর্থনীতি ভালো হয়েছে। নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো। বাংলাদেশে যখনই বিপদ-দুর্যোগ এসেছে, আলেম-ওলামারা জনগণের সঙ্গে মিলে ময়দানে থেকেছেন। তারা জীবন উৎসর্গ করেছেন ও আহত হয়েছেন।
খালিদ হোসেন আরো বলেন, জুলাই বিপ্লবের সময়েও শত শত মাদরাসাছাত্র আহত হয়েছেন। শাহাদাৎ বরণ করেছে। আগামী দিনেও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আলেম-ওলামা, মাদরাসাছাত্র-শিক্ষক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।
এ সময় ধর্ম উপদেষ্টার সাথে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন কাসেমী ও সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৩:২৯ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah