ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 126 বার পঠিত
শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবে।
আজ ১১ আগস্ট সোমবার চিটাগাং চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।
পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এবং সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ), বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য হিসেবে এ তফসিল ঘোষণা করেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ১৪-২০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা জমা দেওয়ার শেষ সময়।
বিস্তারিত তফসিল চিটাগাং চেম্বারের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা আদেশে চিটাগাং চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আদেশে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চেম্বারের তৎকালীন ২৪ জন পরিচালকই পদত্যাগ করলে চেম্বার সভাপতি প্রশাসক নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন।
গত ২ জুলাই চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হয়। ২ জুলাই বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়।
Posted ৩:০৫ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah