জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 281 বার পঠিত
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ আগস্ট শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা।
এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে।
এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলে অতর্কিত হামলা করেছে। এখন পুলিশ-আর্মিও আমাদের ওপর হামলা চালাচ্ছে। আহত কর্মীদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী অভিযোগ করেন, আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। শুনছি ফের হামলা হতে পারে।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের হামলায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন, অনেকে হাসপাতালে।
প্রশ্ন রয়ে গেলো:
ঘটনার পরপরই সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন হয়। তবে প্রশ্ন থেকে যাচ্ছে-দুই দলের রাজনৈতিক সংঘর্ষের জেরে কেন সরাসরি নূরুল হক নূর ও রাশেদ খানের মতো শীর্ষ নেতাদের ওপর পুলিশ-আর্মি হামলা চালাতে হলো?
এদিকে, গণঅধিকার পরিষদ গাজীপুর জেলার মহানগরের সাধারণ সম্পাদক মমিন আকন্দ তন্ময়ের নেতৃত্বে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল প্রদর্শিত হয়। এই বিক্ষোভের ফলে দীর্ঘ প্রায় ৪০ মিনিট গাড়ী চলাচল বন্ধ থাকে, পরে পুলিশের অনুরোধে তা প্রত্যাহার করা হয়।
Posted ৬:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah