জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 332 বার পঠিত
স্বেচ্ছায় আত্মসমর্পনের আগে নেতাকর্মীদের মাঝে যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার
রাজধানীর পৃথক থানায় হওয়া নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ ৭ সেপ্টেম্বর রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কোর্টের কয়েকটি আদালতে ৬ মামলায় ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একাধিক আদালতে ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন ইসহাক সরকার। এরমধ্যে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের একাধিক আদালতে ছয়টি এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঁচ মামলাসহ ১১ মামলায় জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে বিপ্লবী নেতা ইসহাক সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরে তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে ইসহাক সরকারের আইনজীবী এবং ঢাকার বারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ইসহাক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মোট ৩৬৫টি মামলা করা হয়। মামলাগুলোর মধ্যে ঢাকার বিভিন্ন আদালতে ১১ মামলায় তাকে ২২ বছর ছয় মাস কারাদণ্ড দেন। এই কারাদণ্ডের ফলে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার এক মামলায় যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই বছরের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ইসহাক সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইসহাক সরকারের বিরুদ্ধে করা ৩৬৫টি মামলার মধ্যে ১১টিতে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
Posted ৫:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah