ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 127 বার পঠিত
ফাইল ছবি
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসিমা আক্তার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এই বিষয়টি জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় নারীসহ ১৯ জন মারা গেছেন।
এদিকে, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দৈনিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত রোগী দুই হাজার ১৮৪ জন। এর মধ্যে নগরে এক হাজার ১৬৪ জন এবং জেলায় এক হাজার ২০ জন। এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৭ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিমা আক্তার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা। গত বুধবার তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম এবং বেশ কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়।
Posted ৭:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah