জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 234 বার পঠিত
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে টিনসেডের গোডাউনে আগুনের ঘটনায় মালিক লাপাত্তা। মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২২ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ারের সার্ভিসের পক্ষ থেকে করা ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
ছালেহ উদ্দিন বলেন, যেহুতু ক্যামিকেলের আগুন, আমরা অনেকক্ষণ ধরে কাজ করছি। এখানে সোডিয়াম বাই কার্বোনেট ছিল, ব্লিচিং পাউডারসহ বিভিন্ন ক্যামিকেল ছিল। এগুলো যত্রতত্রভাবে ছিল। যেভাবে রাখার কথা সেভাবে ছিলো না। যে দোকানে আগুন লেগেছে সেটির কোনো সাইনবোর্ডও ছিল না। নামও ছিল না। দোকানিকে আমরা খুঁজছি। কিন্তু এখনো তাদের কাউকে আমরা পাইনি। কারণ ভেতরে গোডাউন পেছনে অনেক দূরে। এই ভবনের কিছুটা টিনসেড, কিছুটা দোতলা, আবার টিন এবং এর সিঁড়ির কোনো ঠিক নাই যে কোন দিকে গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, যদি আমরা এর ভাড়াটিয়া বা মালিককে খুঁজে পেতাম তবে আমাদের জন্য সুবিধা হতো। আমরা মালিককে খুঁজে পাইনি। যেহেতু আমরা এখনো কোনো কাগজপত্র দেখতে পারিনি তাই আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা কোনো নিয়মকানুনের মধ্যে ছিল না।
ছালেহ উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে সন্ধ্যা ৭টা থেকে কাজ এখনো চলছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আছে। যেহেত কেমিকেলের আগুন, তাই মনে হচ্ছে নিয়ন্ত্রণে, আবার মনে হচ্ছে এই জ্বলছে। আমাদের লোকেরা কাজ করছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি আগুন সম্পূর্ণভাবে নেভাতে। এই কাজ করতে গিয়ে আমাদের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজন জাতীয় বার্ণ ইন্সটিটিউটে আছেন। তারা চিকিৎসাধীন আছেন। তাদের টেক কেয়ার করা হচ্ছে। চিকিৎসকরাও চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক বলেন, ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ জানতে আমাদের একটি কমিটি হবে। এই কমিটির মাধ্যমে আমরা বলতে পারব। এখন আগুন নেভানোর কাজ করছি। পরে কারণ বলতে পারবো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজনকে এখানে আনা হয়েছে। তাঁদের মধ্যে নুরুল হুদার শরীরের ১০০ শতাংশ, শামীম আহমেদের শরীরের ১০০ শতাংশ, অফিসার খন্দকার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ এবং জয় হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
এই চারজনের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদা, শামীম আহমেদ ও অফিসার জান্নাতুল নাঈমের অবস্থা গুরুতর। জয় হাসানকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেব। গুরুতর তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাঁদের অবস্থা খারাপ হলে আইসিইউতে স্থানান্তর করা হবে।
Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah