জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 212 বার পঠিত
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় একটি বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে সাতাইশ খরতৈল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ।
নিহত বাবুল (৫৫) নরসিংদী জেলার রায়পুরা থানার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খরতৈল জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন বহুতল ভবনের বাউন্ডারি দেয়ালটি আগে থেকে নড়বড়ে ছিল। সম্প্রতি তিনি দেয়ালের ওপর নতুন করে ইটের গাঁথুনি দিয়ে শক্ত করার কাজ শুরু করেন। বুধবার সকাল থেকে শ্রমিকরা ভাঙা ইটের সুরকি তৈরি করে দেয়াল ও ভবনের মাঝের ফাঁকা জায়গায় জমা করছিলেন। এসময় অতিরিক্ত ওজনের চাপে একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে। এ সময় ইট ভাঙার কাজে নিয়োজিত পাঁচ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে বাবুলের মৃত্যু হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ,দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Posted ৫:২২ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah