জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 244 বার পঠিত
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা বেগমের বিরুদ্ধে অবশেষে অনাস্থা প্রস্তাব এনেছেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে এ ব্যাপারে ব্যবস্থা নিতে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
দীর্ঘদিনের দুর্নীতি, প্রতারণা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই অনাস্থা প্রস্তাব ঘোষণা করা হয়।
মর্জিনার বিরুদ্ধে ভাতা প্রদানের নামে ঘুষ আদায়, সাবমারসিবল মোটরের নামে টাকা আত্মসাৎ, সাধারণ মানুষকে হয়রানি, এমনকি দুর্নীতি আড়াল করতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সারাইয়া গ্রামের বিশ্বনাথ দাসের কাছ থেকে মোটর বসানোর নামে ৪০ হাজার টাকা উত্তম চন্দ্র দাসের স্ত্রীর কাছ থেকে মাতৃত্বকালীন ভাতার নামে ৭ হাজার টাকা,মিহির চন্দ্র মণ্ডলের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার নামে ৩ হাজার টাকা নিয়েও প্রতিশ্রুত সুবিধা দেননি মর্জিনা।অভিযোগকারীরা আরও জানান, টাকা ফেরত চাইলে উল্টো ভয়ভীতি ও হুমকি দেন তিনি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুম মোল্লা, মজিদ ভূঁইয়া, মুঞ্জুর আলী, মোতালেব গাজী, মনোয়ারা বেগম, রহিসা বেগম, মাইদুল ইসলাম, মাওলানা সফিকুল ইসলামসহ সাবেক সদস্য বাচ্চু মিয়া।
ইউপি সদস্যরা একযোগে দাবি করেন, মর্জিনা সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলো যা অচিরেই কার্যকর করা হবে।
বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান জানান, মানুষের কষ্টের টাকার প্রমাণ হাতে পেয়ে আমি সালিশ ডাকলে সেখানে মর্জিনা দোষী প্রমাণিত হয়। এরপর সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেয়। রাজনৈতিক প্রতিহিংসার একটি চক্র মর্জিনাকে ব্যবহার করছে। তার বদনামের বোঝাতো ইউনিয়ন পরিষদ নিতে পারে না।
অন্যদিকে মেম্বার মর্জিনা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। এগুলো চেয়ারম্যানের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা আরো জানান, এই অনাস্থা প্রস্তাব অচিরেই ইউএনও ও জেলা প্রশাসকের নিকট দাখিল করা হবে।
এলাকাবাসীর দাবি-একজন জনপ্রতিনিধি হয়েও দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নেওয়া লজ্জাজনক। দ্রুত তদন্ত করে মর্জিনা বেগমকে আইনের আওতায় এনে সামাজিক ও রাষ্ট্রীয় বিচারের মুখোমুখি করতে হবে।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah